বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ক্ষমতাসীন দল সংসদে পাঁচবার দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা প্রথমবার ঘটেছে ১৯৭৩ সালে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ ও সংরক্ষিত মোট ৩১৫টি সংসদীয় আসনের মধ্যে ৩০৮টিতে বিজয়ী হয়েছিল। এরপর ২০০১ সালে বিএনপি ৩৩০ আসনের মধ্যে ২৩৭টি আসনে বিজয় অর্জন করেছিল। পরবর্তীতে ২০০৮ সালে ৩৪৫টি আসনের মধ্যে ২৬৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছিল, যদিও এ নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে। এরপর ২০১৮ সালের মধ্যরাতের নির্বাচনে বাংলাদেশে ৩৫০ আসনের মধ্যে আওয়ামী লীগ মোট ৩০১টি আসন পায়। সাম্প্রতিক ২০২৬ সালের নির্বাচনে ৩০০ সাধারণ আসনের মধ্যে বিএনপি ২১৩ আসনে (ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ সহ) জয়যুক্ত হয়।

আগের চারটি নির্বাচনে ক্ষমতাসীন দলের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরিণতি জাতি এবং দলের জন্য মঙ্গলজনক ছিল না। প্রথম সংসদের তথাকথিত ভূমিধ্বস বিজয়ের পর ১৯৭৫ সালে ক্ষমতাসীনদের সংবিধানের চতুর্থ সংশোধনী পাশ করতে হয়, এরপর বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন এবং দেশে সামরিক শাসন জারি করা হয়। ২০০১ সালের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের পর বিএনপি-জামায়াতের শাসনকাল কুসুমাস্তীর্ণ ছিল না – তখন একদিনে সারাদেশে বোমা হামলা, বিচারপতিদের বয়স বৃদ্ধি, বাংলা ভাই ও জেএমবির উত্থান, বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা, রাজধানীর পল্টনে লগি-বৈঠার তা-ব এবং দুই বছরব্যাপী সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসীন হওয়ার মতো ঘটনা ঘটেছিল। এরপর ২০০৮ সালের নির্বাচনে মহা বিজয়ের পর বিডিআর হত্যাকা-, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকেই নির্বাসনে প্রেরণ, একটি চরম সহিংস পরিবেশে শেখ হাসিনার ২০১৪ সালের একতরফা নির্বাচন অনুষ্ঠান, বিরোধী দলের ওপর চরম দমন-পীড়ন, বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠানের সীমাহীন দলীয়করণ, দুর্নীতি-দুর্বৃত্তায়নের ব্যাপক বিস্তারের মত ঘটনা ঘটে। পরবর্তীতে ২০১৮ সালের চরম জালিয়াতির নির্বাচনের পর বিরোধী দলের ওপর সরকারের অব্যাহত দমন-পীড়ন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসা পরায়ণতার বশবর্তী হয়ে জেলে অন্তরীণ, শেখ হাসিনার চরম স্বৈরাচারী শাসকে পরিণত এবং ২০২৪ সালের আমি-ডামির নির্বাচন ইত্যাদি অনুষ্ঠিত হয়। সর্বোপরি এটি সুস্পষ্ট যে, আগের চারটি নির্বাচনে দুই-তৃতীয়াশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পরবর্তীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, নিয়মতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণভাবে ক্ষমতার রদবদল ঘটেনি। এসবের সম্মিলিত পরিণতিই হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা ও তাঁর দোসরদের দেশ ছেড়ে পলায়ন।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি আবারও দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সংরক্ষিত আসন পূরণ হওয়ার আগেই বিএনপি ৩০০টি সরাসরি আসনের ২১৩টিতে জয়লাভ করেছে। নির্বাচনের মাধ্যমে – যে নির্বাচনের ফলাফল সব দলই মোটামুটিভাবে মেনে নিয়েছে, যদিও এরই মধ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে ৫০টি মামলা ট্রাইব্যুনালে দায়ের হয়েছে – বিএনপি এমন ফলাফল অর্জন করছে, যার জন্য তারা অবশ্যই কৃতিত্বের দাবি করতে পারে। এরজন্য আমাদের পক্ষ থেকেও বিএনপিকে আন্তরিক অভিনন্দন।

তবে দীর্ঘ ২৬ বছর পর ক্ষমতায় আসার পর বিএনপির যাত্রাটা কেন যেন নিজ্ঝর্ঝাটভাবে শুরু হলো না। মধুচন্দ্রিমাটা যেন সুখকর হলো না। বরং শুরুতেই তারা অনেকগুলো অহেতুক বিতর্কে জড়িয়ে পড়লো, যা অনেক নাগরিকের মনেই, এমনকি বিএনপির সমর্থকদের মনেও ন্যূনতম পক্ষে গুরুতর অস্বস্তি তৈরি করেছে। আর অনেকগুলো কারণ রয়েছে এ অস্বস্তি তৈরির।

প্রথমত, বিএনপি জোট থেকে নির্বাচিতদের ‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। কারণ গণভোটের মাধ্যমে জনগণ ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করেছে, যার ফলে নবনির্বাচিত সংসদ সদস্যদের সেই শপথ নেওয়া এবং ১৮০ কর্মদিবসের মধ্যে গণভোটে পাশ হওয়া ৪৮টি সংস্কার সুপারিশ সংবিধানে অন্তর্ভুক্ত করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। এ ক্ষেত্রে তারা সংবিধানের এবং জুলাই সনদে তাদের ‘নোট অব ডিসেন্টে’র অজুহাত হিসেবে তুলে ধরেছে। তবে এগুলো সম্পূর্ণ খোঁড়া যুক্তি। কারণ, অন্তর্বর্তীকালীন সরকারের বিধানই সংবিধানে নেই এবং তাদের কার্যক্রমও (যেমন, ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান) সংবিধান মেনে পরিচালিত হয়নি, বরং এগুলো ছিল জনআকাক্সক্ষারই প্রতিফলন। এছাড়াও ‘নোট অব ডিসেন্ট’ ছিল ‘মাইনোরিটি ভিউ’ বা সংখ্যালগিষ্ঠের মতামত। গণতান্ত্রিক ব্যবস্থায় সংখাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয় এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ৮৪টি ঐকমত্যের বিষয় ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মতামতেরই প্রতিফলন।

দ্বিতীয়ত, বিএনপি জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার করলেও বিএনপির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই জুলাই সনদের বাস্তবায়ন ঠেকাতে আদালতের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এখন বিএনপির নেতারাই গণভোটের গণরায় উপেক্ষা করে বলছেন যে, জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতে।

তৃতীয়ত, সরকারের কয়েকটি অনাকাক্সিক্ষত নির্বাহী সিদ্ধান্ত। যেমন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সফল ড. এইচ আহসান মনসুরের অমর্যাদাকরভাবে বিদায় প্রদান, যদিও তাঁকে এই পদে রাখার এবং তাঁর গৃহীত সংস্কার কার্যক্রমগুলো অব্যাহত রাখার আশ্বাস তাঁকে আগে দেওয়া হয়েছিলো বলে গণমাধ্যম প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সবচেয়ে হতাশাব্যাজ্ঞক বিষয় হলো যে, যাঁকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে তিনি ব্যাকিং খাতে অভিজ্ঞতাশূন্য একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং যাঁর বিরুদ্ধে ঋণখেলাপের এবং এস আলমের সঙ্গে সংশ্লেষের অভিযোগ রয়েছে।

চতুর্থত, সবগুলো সিটি করপোরেশন এবং অনেকগুলো জেলা পরিষদে বিএনপির পদ বা মনোনয়ন বঞ্চিত নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান। এর মাধ্যমে একদিকে যেমন এসব প্রতিষ্ঠানের দলীয়করণ হয়েছে, পাশাপাশি এর মাধ্যমে সংবিধানের ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে, যে অনুচ্ছেদ অনুযায়ী এগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া বাধ্যতামূলক। এছাড়াও এই সিদ্ধান্তের মাধমে বিখ্যাত কুদরত-ই-ইলাহী পনির বনাম বাংলাদেশ মামলার রায় অমান্য করা হয়েছে, যে মামলার রায়ে অনির্বাচিত প্রশাসক দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে এগুলো রাখার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। উপরন্তু এই সিদ্ধান্ত বিএনপির ‘৩১ দফা’র ৯ ও ২০ দফার এবং দলের নির্বাচনী ইশতেহারের সুস্পষ্ট লঙ্ঘন।

পঞ্চমত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দলীয় ব্যক্তিদের নিয়োগ প্রদান, যা বিএনপির ৩১ দফার ৮ দফার পরিপন্থি। আমাদের শিক্ষার, বিশেষত উচ্চশিক্ষার মানে যে ধ্বস নেমেছে তা প্রতিহত করার এবং বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিশেষজ্ঞদের নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করে এসব নিয়োগ দেওয়া উচিত ছিল।

ষষ্ঠত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটিতে দলীয় নিয়োগ। সম্প্রতি বিসিবির এডহক কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ক্ষমতাসীন মন্ত্রীদের সন্তানদের এবং একজন মন্ত্রীর স্ত্রীকে সদস্য করা একদিকে যেমন নগ্ন দলীয়করণের দৃষ্টান্ত, অন্যদিকে চরম দৃষ্টিকটুও।

সপ্তমত, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৮৭ বিলে ১১৩টি অধ্যাদেশ পাশ হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি সংশোধন করে পাশ হয়েছে। আর চারটি বিলে ৭টি অধ্যাদেশ রহিত করা হয়েছে। সংসদে পাশ করা অধ্যাদেশগুলোর অধিকাংশই কম গুরুত্বপূর্ণ হলেও এর মধ্যে কতগুলো রয়েছে ভবিষ্যতে যেগুলোর অপব্যবহার সম্ভব হবে। অন্তর্বর্তীকালীন ক্ষমতা গ্রহণের সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার এবং স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার কারণে অনেকগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রয়োজন দেখা দেয়। এমনি প্রেক্ষাপটে সরকার প্রশাসক নিয়োগের বিধান সম্বলিত চারটি অধ্যাদেশ জারি করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই, এই অধ্যাদেশগুলো অনুমোদিত হওয়ার কোনো যৌক্তিকতাও নেই। বরং এগুলো আইনে পরিণত হওয়ার কারণে সরকারের খেয়াল-খুশি মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে এই আইনের অপব্যবহারের করতে পারবে, যা হবে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বরখেলাপ।

এ ক্ষেত্রে আরেকটি আশঙ্কার বিষয় হলো, সংসদে পাস হওয়া ব্যাংক রেজোল্যুশন আইনে পাসের মাধ্যমে এস আলম-সহ বিভিন্ন ব্যাংকের পুরানো মালিকদের ফেরার সুযোগ দেওয়া হয়েছে। এতে যুক্ত করা নতুন একটি ধারায় যা বলা হয়েছে তাতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরানো শেয়ারধারীদের আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত।

অষ্টমত, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিতগুলোকে সংসদে অনুমোদনের মাধ্যমে আইনে পরিণত করার ব্যাপারে বিএনপির অনীহা। উদাহরণস্বরূপ, সংসদীয় বিশেষ কমিটি সংখ্যগরিষ্ঠতার জোরে সাতটি অধ্যাদেশ রহিত করেছে, যেগুলো হলো: (১) মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; (২) মানবধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; (৩) মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; (৪) জাতীয় সংসদ সচিবালয় (বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪; (৫) সপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; (৬) সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫; (৬) সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫; এবং (৭) সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশগুলো শুধু গুরুত্বপূর্ণই নয়, এগুলো অনুমোদন না হলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাবে। সংসদ এরইমধ্যে এগুলো বাতিল করে দিয়েছে, যার ফলে বিচার বিভাগের স্বাধীনতা ভুলণ্ঠিত হওয়ার এবং আবারও আদালতে ‘শপথবদ্ধ বিচারপতি’ নিয়োগের পুরানো সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়াও বিশেষ সংসদীয় কমিটির সুপারিশক্রমে আরও ১৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়নি, যেগুলো হলো: (১) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; (২) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; (৩) কাস্টমস (সংশোধন) আধ্যাদেশ, ২০২৫; (৪) আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; (৫) গণভোট অধ্যাদেশ, ২০২৫; (৬) গুম প্রাতরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫; (৭) দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; (৮) বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; (৯) ট্রাভেল এজেন্সি নিবন্ধন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; (১০) গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬; (১১) মাইক্রো ফাইনান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬; (১২) তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; এবং (১৩) পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৬ (এই অধ্যাদেশটি সংশোধন করে উত্থাপনের বিষয়ে ঐকমত্য হয়েছিলো, কিন্তু উত্থাপন করা হয়নি)। এসকল অধ্যাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ সরকার ভবিষ্যতে এগুলো সংসদে উত্থাপন করবে কিনা এবং করলেও কখন করবে তা অনিশ্চিত। এসকল অধ্যাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত দুইটি, দুর্নীতি দমন, এবং তথ্য অধিকার সংক্রান্ত অধ্যাদেশ। গুম সংক্রান্ত অধ্যাদেশদ্বয় অনুমোদন না করার কোনোরূপ যৌক্তিকতা নেই। তবে দুর্নীতি দমন ও তথ্য অধিকার সংক্রান্ত অধ্যাদেশ দুটিতে ত্রুটি রয়েছে এবং আশা করি সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ত্রুটিগুলো দূর করে, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, এগুলো দ্রুততম সময়ের মধ্যে পাশের উদ্যোগ নেবে।

পরিশেষে, গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি প্রাপ্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নব গঠিত সরকারের টালবাহানায় আমরা বিভ্রান্ত। আমাদের কাছে বোধগম্য নয় সরকার কেন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো অনুমোদনে অনীহা প্রদর্শন করেছে। সরকার কি তার স্বচ্ছতা-জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে অনাগ্রহী এবং পুরানো ক্ষমতা কাঠামো অব্যাহত রাখতে বদ্ধপরিকর, যা শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে? নাকি কোনো অদৃশ্য কারণে তারা তা করছে? নাকি জাতি হিসেবে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ বা ফাঁদে পড়ে আটকা পড়েছি? যে কারণেই হউক, যাত্রা শুরুতেই সরকার সম্পর্কে জনমনে এক ধরনের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। আর আস্থার সংকট সরকারকে দুর্বল করে, যা সরকারের ভবিষ্যৎ কার্যকরিতা হ্রাস করতে বাধ্য।

ড. বদিউল আলম মজুমদার

সম্পাদক, সুজন-সুশাসনের জন্য নাগরিক

তথ্য সূত্র: প্রথম আলো  | ৩ আগস্ট, ২০২৫